কেন্দুয়ায় টিসিবির পণ্য কালো বাজারে বিক্রি, ডিলারকে জরিমানা

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১১:০৬ পিএম

টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারের ডিলার মুজাহিদুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও গোডাউন সিলগালা করে দিয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারের ডিলার মুজাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি টিসিবির পণ্য উত্তোলন করে তা খোলা বাজারে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করে আসছিলেন।

গত বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণরামপুর বাজারে টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন ৪৬ লিটার সয়াবিন তেল সহ ২ জনকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়।

চেয়ারম্যান বিষয়টি তাৎক্ষণিক কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানা-পুলিশকে অবহিত করেন। পুলিশ মালামাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখে।

বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন শনিবার বিকেলে রামপুর বাজারে গিয়ে তদন্ত সাপেক্ষ প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদালতে বিচারক কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম টিসিবি ডিলার মুজাহিদুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও গোডাউন সিলগালা করে দেয়।

এ সময় কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, ২নং আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ বাজারে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত