আইপিএল নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৫:৫৯ পিএম

করোনাভাইরাসের কারণে আইপিএলের ভাগ্য ঝুলে আছে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসর বাতিল হতে পারে বলে গুঞ্জন। করোনা পরিস্থিতি যখন ক্রমেই খারাপের দিকে, তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অপেক্ষায় সরকারি সিদ্ধান্তের।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানায়, ‘এখন ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রয়েছে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, সে অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’

আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। তবে করোনার প্রাদুর্ভাবে সেটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়।

ভারতজুড়ে লকডাউন চলছে। যে লকডাউনের সীমা আরো বাড়তে পারে। এরই মধ্যে গত বৃহস্পতিবার উড়িষ্যা প্রথম রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সীমা বাড়িয়েছে। এরপর পাঞ্জাবসহ আরো বেশ কয়েকটি রাজ্য হেঁটেছে একই পথে।

এ অবস্থায় আইপিএল মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। বিসিসিআইয়ের সেই সূত্র অবশ্য আইপিএল বাতিলের বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আসার বসার ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘এখন আমি এ নিয়ে মন্তব্য করতে পারছি না। আগামী কয়েক দিনের মধ্যে আমরা আবারো ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলতে পারি। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

ভারতে রবিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৪৭। এদের মধ্যে ৭৬৫জন সুস্থ হয়েছেন। মোট মৃতের সংখ্যা ২৭৩।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত