নারায়ণগঞ্জ থেকে দুই নারী বাড়িতে ফিরেছেন শুনে গ্রামবাসী ওই বাড়িতে হামলা চালিয়েছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের দুই গার্মেন্টসকর্মী বাড়িতে হামলা চালায়।
নারায়ণগঞ্জে করোনা ভয়াবহতা ছড়িয়ে পড়ার পর রবিবার সেখান থেকে শিহিপাশা গ্রামের নিজ বাড়ি আসেন গার্মেন্টসের কর্মী দুই নারী। ওই দুই নারী করোনায় সংক্রমিত হয়ে বাড়িতে এসেছে গ্রামে গুজব ছড়িয়ে পরে। এতে গ্রামবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পরে। ফলে শতাধিক বিক্ষুব্ধ গ্রামবাসী ওই বাড়িতে হামলা চালায়।
হামলার খবর পেয়ে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম তালুকদার লোকজন নিয়ে সেখানে পৌঁছান। হ্যান্ড মাইকে তিনি ওই নারী কর্মীদের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো কথা বলে তাদের হোম কোয়ারেন্টিনে রাখার ও বাড়িটি লকডাউনের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন।
পরে তিনি স্থানীয় প্রশাসন বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়ে গ্রাম পুলিশ দিয়ে বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেন। এছাড়া, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর অনুরোধ করেন।
ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পরিবারটিকে লকডাউন করার কারণে পরিষদের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, সোমবার ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
