‘ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি’

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১০:১২ পিএম

করোনাভাইরাসের এই সংকটময় সময়েও ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় মহেন্দ্র সিং ধোনির অবসর। সেটা অবশ্য প্রাসঙ্গিকই বটে।

বলা হচ্ছিল, আইপিএলের ওপর নির্ভর করছে ভারতের অন্যতম সফল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভাগ্য। কিন্তু করোনায় যখন আইপিএল নিয়ে অনিশ্চয়তা, তখন ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারও স্বাভাবিকভাবেই হুমকির মুখে। মানে ভারতীয় দলে তার ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

একেক সময় একেক মন্তব্য আসছে একেক মহল থেকে। ধোনি অবশ্য এ নিয়ে কখনো মুখ খোলেননি। এ অবস্থায় ভারতের সাবেক ওপেনার আকাশ চোপরা বলছেন, ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন!

গেল বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটির পর আর ভারতের জার্সিতে খেলা হয়নি ধোনির। স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন কিছুদিনের জন্য। অংশ নেন সেনা ট্রেনিংয়ে। কিন্তু সেই বিরতির পর আর ভারতীয় দলে ডাক পাননি ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভাবনা নিয়ে নিজে কখনো কিছু বলেননি ধোনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলতে চান বলেই ভারতীয় ক্রিকেট মহলের বিশ্বাস। আর এ ক্ষেত্রে ধোনির সামনে পথ ছিল আইপিএলে দুর্দান্ত কিছু করা। ভারতীয় কোচ রবি শাস্ত্রীও একবার বলেছিলেন, আইপিএলের পরই নির্ধারণ হবে ধোনির ভবিষ্যৎ। অধিনায়ক বিরাট কোহলিকেও কখনো ধোনির ফেরা নিয়ে নেতিবাচক মনে হয়নি।

এ অবস্থায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে ইউটিউবে আলাপচারিতায় আকাশ চোপরা বললেন, ‘মহেন্দ্র সিং ধোনি কখনোই কিছু বলেনি। আইপিএলে যদি যে দুর্দান্ত পারফর্ম করে তবে হয়তো সে ভারতীয় দলে ফিরবে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি সে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন।’

কেন এমন মনে হচ্ছে সাবেক ওপেনার? আকাশ চোপরা বলেন, ‘এরপর থেকে (বিশ্বকাপের পর থেকে) সে দলে নিয়মিত ছিলেন না...। আমার মনে হয় সে তার মনকে তৈরি করেছে যে ভারতের হয়ে আর খেলব না।’

এখন সার্বিক যে পরিস্থিতি তাতে আকাশ চোপরা একটা পথই খোলা দেখছেন। সেটি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, ভারত কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলির চাইতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি খেলুন।

‘সেটি না হলে আমার মন্তব্য- ধোনি তার মনকে তৈরি করে ফেলেছেন যে আমি আর খেলব না। আমার বিদায়ী ম্যাচের প্রয়োজন নেই। আমি চুপি-চুপি এসেছি, চুপিচুপি চলে যাব।’- বলেন আকাশ চোপরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত