রাজধানীর যাত্রাবাড়ীর আদর্শবাগের আলী মোহাম্মদ খান রোডের একটি বাসা থেকে নাজমা সুলতানা (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নাজমার স্বামী শাহিনুর রহমান শ্যামপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। ধারণা করা হচ্ছে, ২০১৬ সালে মারা যাওয়া মেয়ের শোকে নাজমা আত্মহত্যা করেছেন।
বাড়ির মালিক বলেন, রবিবার বিকেলে দুই ছেলে সান (৮) ও সাফী (৫) বাবা শাহিনুরকে ফোন করে জানায় তার মা গলায় ফাঁস দিয়েছেন। শাহিনুর ফোন করে তাকে জানান। তিনি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানালে ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম গিয়ে একটি কক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, নাজমার বড় মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ভুল চিকিৎসার কারণে ২০১৬ সালে মারা যায়। সেই থেকে মেয়ের শোকে বাকশক্তিহীন হয়ে পড়েন নাজমা। ধারণা করা হচ্ছে মেয়ের শোকে তিনি গলায় ফাঁস দিয়েছেন। যাত্রাবাড়ী থানার এসআই জহুরুল হক ঘটনার সত্যতা শিকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
