পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নেওয়া মার্জিন ঋণের সুদে ভর্তুকি চেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান। একই সঙ্গে চলতি বছরে বিনিয়োগকারীদের বিও হিসাব নবায়ন ফি সম্পূর্ণ মওকুফ করার দাবি জানিয়েছেন তিনি।
গতকাল এক বিবৃতিতে রকিবুর রহমান অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ৭২ হাজার কোটি টাকার সহায়তা তহবিল ঘোষণার বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই তহবিলের আওতায় শিল্প খাতের উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে, যদিও ব্যাংক পাবে ৯ শতাংশ। সুদের বাকি ৫ শতাংশ জোগান দেবে সরকার ভর্তুকি হিসেবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পুঁজিবাজারবান্ধব। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সব সময় কিছু না কিছু করার চেষ্টা করেছেন তিনি। তাই তিনি বিশেষ তহবিলের আওতায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদে ভর্তুকির ব্যবস্থা করবেন বলে তার আশা। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের সুদের হার হতে পারে ৪ শতাংশ; সুদের বাকি অংশ জোগান দেবে সরকার।
যেসব বিনিয়োগকারীর ঋণের সর্বোচ্চ স্থিতি ৫ লাখ টাকা, তাদের ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে বিবেচনায় নিয়ে এই সুবিধার আওতায় আনা যেতে পারে বলে মনে করেন তিনি।
মো. রকিবুর রহমান বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট নবায়নের ফি সম্পূর্ণ মওকুফ করার দাবি জানিয়েছেন। প্রতি বছর ৩০ জুনের মধ্যে বিও হিসাব নবায়ন করতে হয়। নবায়ন ফি ৪৫০ টাকা। এর মধ্যে ৩০০ টাকা পায় সিডিবিএল, ১০০ টাকা বিএইসি ও ৫০ টাকা পায় সংশ্লিষ্ট ডিপি।
