চিকিৎসক-নার্সসহ নয়জন কর্মী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে রাজধানীর মগবাজারে অবস্থিত হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। সোমবার ওই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ নয়জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জনতথ্য শাখার নির্বাহী মো. শরফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রোগীরা সবাই চলে গেছেন। হাসপাতালের সব কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, এই হাসপাতালে ৬০ থেকে ৭০ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে বন্ধ হওয়ার আগে ১৪ জন রোগী ভর্তি ছিলেন।
হাসপাতালের চিকিৎসকরা কীভাবে আক্রান্ত হলেন- জানতে চাইলে তিনি বলেন, দুই সপ্তাহ আগে একজন রোগী আমাদের জরুরি বিভাগে এসেছিল। তাকে চিকিৎসা দিয়েছেন যারা সেই চিকিৎসক, নার্স এবং স্টাফরাই আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, এ জন্য আমাদের ধারণা, ওই রোগী করোনা আক্রান্ত ছিলেন এবং তার মাধ্যমেই চিকিৎসক, নার্স এবং স্টাফরা সংক্রমিত হয়েছেন।
