করোনাভাইরাস পরিস্থিতি আশানুরূপ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়েছে ইতালি সরকার। এই সময় পর্যন্ত স্থগিত থাকছে দেশটির শীর্ষ ফুটবল লিগ সেরি আ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ১০ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল ইতালি। এই সময়ে দেশটিকে নিষিদ্ধ করা হয় সব ধরনের খেলাধুলা।
করোনায় আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্যুদস্ত ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার; আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ পর্যন্ত ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। এমন অবস্থায় সেরি আও ওই সময় পর্যন্ত পিছিয়ে নেওয়ার ঘোষণা আসলো।
করোনাভাইরাসের কারণে সেরি আ’সহ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল ক্লাবগুলো বড় আর্থিক সমস্যায় পড়েছে। আলোচনা সাপেক্ষে খেলোয়াড় ও কোচদের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো। করোনার কারণে লিগ শেষ না হলে আরও বড় অর্থনৈতিক সংকটে পড়বে তারা।
বর্তমান পরিস্থিতিতে সেরি আ’র চলতি মৌসুম শেষ করা যাবে কি-না এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফিওরেন্তিনা ও তুরিনোর ক্লাবের মালিকেরা তো জানিয়েছেন, এবারের লিগ মনে হয় শেষ করা যাবে না। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান গাব্রিয়েলা গ্রাভিনা বলেছেন, লিগ শেষ করতে না পারাটা হবে ‘অবিচার’।
সেরি আ’র সবশেষ ম্যাচটি হয়েছিল ৯ মার্চ। ওই ম্যাচে ব্রেসিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল সাস্সুয়োলো।