‘টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম হলে ব্যবস্থা’

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:৫৪ এএম

রমজান উপলক্ষে টিসিবির ন্যায্যমূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ সারা দেশের ৪০০ স্থানে বিক্রি
করা হচ্ছে। এ বিক্রিয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে।এতে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবির এসব পণ্য বিক্রয় ও তদারকিতে সংশ্লিষ্ট এবং ক্রেতাদের সহযোগিতা চেয়েছেন তিনি। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের ৯০, চট্টগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রি জোরদার করা হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবির ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আটটি ভ্রাম্যমাণ মনিটরিং টিম কাজ করছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এসব পণ্য মানুষের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। টিসিবির পণ্য বিক্রি অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরপরও অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নিতে টিসিবিকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত