ত্রাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ত্রাণ বঞ্চিত দুই শতাধিক অভাবী মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মিছিলটি চরকৈজুরি বাজার থেকে শুরু হয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বাড়িতে যাওয়ার সড়কমুখের মসজিদ এলাকা ঘুরে আবার চরকৈজুরি বাজারে গিয়ে শেষ হয়। এ ঘটনা জানার পর ইউপি চেয়ারম্যান সাইফুলের লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে পাথালিয়াপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও কৃষক লীগ নেতারসহ তিন বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মহিলাসহ দুজন আহত। আহতরা হলেন মো. সজিব হোসেন (৩৫) ও মাকসুদা খাতুন (২০)।
এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য চাঁন প্রামাণিক ও কৈজুরি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন জানান, চরকৈজুরি গ্রামের ত্রাণ বঞ্চিত দুই শতাধিক অভাবী মানুষ চরকৈজুরি বাজারে জড়ো হয়ে ত্রাণের দাবিতে কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে এ বাজারে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের বড় ভাই আবদুল খালেকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাদের ৩ বাড়ি ভাঙচুর করে।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, শুনেছি ত্রাণের দাবিতে কিছু লোক বিক্ষোভের চেষ্টা করে। আমাদের যাওয়ার কথা শুনে তারা পালিয়েছে।
