জ্বর শ্বাসকষ্টে দেশে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:১৬ এএম

জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিনড়ব স্থানে গত মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা এক তরুণ গত মঙ্গলবার সকালে মারা গেছেন। মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল। একই দিন সকালে বান্দরবানের লামায় এক ব্যক্তি, সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কলেজছাত্র এবং রাতে ফরিদপুরের ভাঙ্গায় শাহীন মাতুব্বার (২০) নামে এক তরুণ ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী মারা গেছেন। আর গতকাল সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক সৌদি প্রবাসীর স্ত্রী (২৭) ও শেরপুর পৌর এলাকায় লুড্ডু মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে একই উপসর্গ নিয়ে দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী দেশের বিভিনড়ব স্থানে মারা গেছেন আরও ৬৪ জন।

চাঁদপুর : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকার এক ব্যক্তি (৩২) সোমবার মধ্যরাতে হাসপাতালে এলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, এ পর্যন্ত চাঁদপুরে করোনা আক্রান্ত হয়েছে চারজন। তাদের মধ্যে মতলব উত্তর উপজেলায় এক চিকিৎসকসহ তিনজন ও সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে একজন রয়েছেন। সন্দেহভাজন ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাছাড়া করোনা আক্রান্ত বিভিনড়ব জেলা থেকে আসা ১ হাজার ৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা : দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে ফাতেমা বলেন, শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কলেজছাত্র দুলাল ভূঁইয়ার মৃত্যু হয়। দীর্ঘদিন অ্যাজমায় ভোগা ওই তরুণের কয়েক দিন ধরে জ্বর-সর্দি ছিল বলে স্বজনরা জানিয়েছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে দুলাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। একই সঙ্গে তিনি দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব সংলগড়ব মাজেদ ম্যানশনে তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডসে’ কাজ করতেন। তার মৃত্যুর পর নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত দেবিদ্বার প্রেস ক্লাব ও ওই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে ওই কলেজছাত্রকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বান্দরবান : লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানান, উপজেলার পূর্ব নয়াপাড়ায় মঙ্গলবার সকালে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী জানান, গত এক সপ্তাহ ধরে তার স্বামী সর্দি, কাশি ও জ¦রে ভুগছিলেন। পরে তার ঘন ঘন বমি ও বুক ফুলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জানড়বাত রুমি জানান, ওই ব্যক্তির পরিবারের সদস্য এবং নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ফরিদপুর : ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন জানান, উপজেলার চান্দা ইউনিয়নের শরীলদা গ্রামে মঙ্গলবার রাতে জ্বর ও গলাব্যথা নিয়ে শাহীন মাতুব্বার নামে এক তরুণ মারা গেছেন। তিনি একই গ্রামের হারুন মাতুব্বারের ছেলে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত শাহীন ১০ দিন আগে গ্রামের বাড়িতে আসেন। ভাঙ্গার ইউএনও মো. রকিবুল ইসলাম বলেন, গতকাল সকালে মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করেছে। এছাড়া বাড়িটি লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর : রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমদাদুল হক বলেন, উপজেলার দরবেশপুর ইউনিয়নের শোশালিয়া গ্রামে সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে (২৭) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনার পর মঙ্গলবার সকাল ১০টায় মৃত ঘোষণা করা হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যেতে পারেন। নমুনা সংগ্রহ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই নারীর স্বজনরা জানায়, শোশালিয়া গ্রামের সৌদি প্রবাসী আবু সাঈদের স্ত্রী ও এক সন্তানের জননী ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতেন। মাস দেড়েক আগে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আসেন। সম্প্রতি তিনি প্রচণ্ড কানের ব্যথায় ভুগছিলেন। সোমবার বিকেলে সমিতির বাজারের একটি দোকান থেকে কানের ড্রপ নিয়ে ব্যবহারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সংজ্ঞাহীন অবস্থায় মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম বলেন, ‘লাশ দাফনের পর আমরা প্রশাসনের সহযোগিতায় মৃতের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছি।’

শেরপুর : গতকাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন বলেন, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত লুড্ডু মিয়ার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে ফোন দেওয়ার পর প্রয়োজনীয় ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়। সকালে তার নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পেশায় ফেরিওয়ালা লুড্ডু মিয়া শেরপুর পৌরসভার মধ্যচাপাতলী এলাকার নৈশপ্রহরী গেন্দু মিয়ার ছেলে। স্বজনরা জানান, রবিবার থেকে জ্বর ও সর্দি শুরু হয় লুড্ডুর। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। সদরের ইউএনও ফিরোজ আল মামুন জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আসমা বেগম (৫০) নামে ওই নারী জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পর তিনি মারা যান। আইইডিসিআরে পাঠানোর জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার গহওরডাঙ্গা গ্রামের মৃত মোরশেদ শেখের স্ত্রী ওই নারীকে গতকাল দুপুরে স্থানীয় প্রশাসনের সহায়তায় দাফন করা হয়। এছাড়া নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; চাঁদপুর, বান্দরবান, ফরিদপুর, লক্ষ্মীপুর, শেরপুর ও গোপালগঞ্জ প্রতিনিধি)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত