সরকারের ঘোষিত প্রণোদনা থেকে শ্রমিকদের বেতন দিতে শ্রমিকদের নামে ব্যাংক হিসাব খুলতে আরও ১০ দিন সময় চায় নিট খাতের উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে। বিকেএইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত ওই চিঠিতে ৩০ এপ্রিল পর্যন্ত এই সময় বাড়ানোর কথা বলা হয়েছে। গতকাল সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে রয়েছে লকডাউন, বিশেষ করে নারায়ণগঞ্জ ও গাজীপুরে রয়েছে সম্পূর্ণ লকডাউন। ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়েছে। ফলে কেউ এসব অঞ্চলের পোশাকশিল্প প্রতিষ্ঠানে যেতে পারছে না। ব্যাংকে যেতে পারছেন না পোশাক কারখানার কর্মকর্তারা। এখনো প্রায় ৮০ শতাংশ শ্রমিকের ব্যাংক বা এমএফএস হিসাব করা হয়ে ওঠেনি। তবে চেষ্টা করা হচ্ছে শ্রমিকদের ব্যাংক হিসাব করার।
এ ছাড়া কারখানাগুলোর পক্ষে ফরম-ডি পূরণ করা এবং তা আবার বিকেএমইএ পর্যায়ে যাচাই করে প্রতিস্বাক্ষর করাও সময়সাপেক্ষ ব্যাপার। এমন পরিস্থিতিতে কোনো অবস্থাতেই সার্কুলারের নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিলের মধ্যে সব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের এপ্রিল-মে-জুন মাসের বেতন প্রদানের জন্য সরকার ঘোষিত ঋণ গ্রহণের আবেদন বাংলাদেশ ব্যাংকে পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছে বিকেএমইএ। তাই বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ঋণ গ্রহণের আবেদনের সর্বশেষ সময় ২০ থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল নির্ধারণ করার অনুরোধ জানিয়েছে বিকেএমইএ।
