সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদের প্রতি সম্মান জানাবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এ জন্য আগামীকাল শনিবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ড্যাব। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ড্যাব নেতারা। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সব চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের উক্ত কর্মসূচি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সব চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্যকর্মী কালো ব্যাজ ধারণ (কর্মক্ষেত্রে ও ঘরে) করবেন। এ ছাড়া দুপুর ১২টা ১ মিনিটে নীরবতা পালন (যার যার অবস্থান থেকে) এবং জোহর নামাজের পর তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
সংগঠনটির পক্ষ থেকে ডা. মঈন উদ্দিন আহমেদের অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
