কেরানীগঞ্জে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত এক যুবক (৩৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের মালঞ্চ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার রাতে জিনজিরার রসুলপুর এলাকায় ওই যুবক রাস্তায় পড়ে ছিলেন। কারোনা আতঙ্কে কেউ তাকে স্পর্শ করছিল না। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, রসুলপুর এলাকায় এক যুবক রাস্তায় পড়ে ছিলেন। ভয়ে কেউ তাকে স্পর্শ করছিল না। সন্ধ্যায় মডেল থানায় খবর এলে আমি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে অসুস্থ যুবককে পড়ে থাকতে দেখে কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করি। অ্যাম্বুলেন্স এলে তাকে মালঞ্চ হাসপাতালে পাঠাই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন জানান, অজ্ঞাত যুবককে দেখে মনে হয়েছে তিনি রাস্তায় থাকতেন। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। করোনার কোনো লক্ষণ তার ছিল না।
