বলিউডের অন্য তারকাদের মতোই ঘরবন্দী হয়ে আছেন সানি লিওনি। কয়েক দিন আগে শুরু করেছেন অনলাইন লাইভ চ্যাট শো। এবার শেখালেন মাস্ক বানানোর কলা-কৌশল।
ইনস্টাগ্রাম হ্যান্ডলে বৃহস্পতিবার কয়েকটি ছবি পোস্ট করেছেন। ‘জিসম টু’ তারকা ক্যাপশনে লেখেন, ‘যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে।’
ছবিতে দেখা যাচ্ছে তিনি কখনো বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনো ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভালো করে ঢেকে নিয়েছেন। খেলার ছলে তাকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে।
পাঁচটি ছবিতে সানি নানানভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। এর মধ্যে ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ৬ লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকেই তার এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন। তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি।
হালে বলিউডের চেয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় বেশি দেখা যাচ্ছে সানিকে। চলতি বছর তিনি পারফর্ম করেছেন তামিল, তেলুগু ও মালায়ালাম আইটেম গানে। এ ছাড়া শামীম আহমেদ রনি পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘বিক্ষোভ’-এ ‘সানি সানি’ শিরোনামের গানে অংশ নিয়েছেন।
