নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকবাহী ট্রলারকে ফেরত পাঠাল মুন্সীগঞ্জের নৌ-পুলিশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১২:০৮ পিএম

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে ট্রলারবোঝাই ৭৭ ইটভাটা শ্রমিককে ফেরত পাঠিয়েছে নৌ-পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলি এলাকায় ফেরত পাঠানো হয়। ট্রলারবোঝাই করে রাতের আঁধারে ইটভাটার ওই শ্রমিকরা দেশের দক্ষিণবঙ্গের নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন খান জানান, করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলি এলাকার বিভিন্ন ইটভাটার ৭৭ জন শ্রমিক ট্রলারবোঝাই করে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে ট্রলারবোঝাই শ্রমিকদের আটক করে নৌ-পুলিশ। পরে শুক্রবার সকালে ট্রলারবোঝাই ওই শ্রমিকদের নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে ফেরত পাঠানো হয়। শ্রমিকদের মধ্যে ৩০ জন পুরুষ, ২২ জন নারী ও ২৫ জন শিশু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত