নারায়ণগঞ্জে করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্য কর্মীদের থাকার জন্য একটি বেসরকারী ক্লাব ও জেলা পরিষদের ডাক বাংলো ব্যবস্থা করে দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের থাকার জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছিল সেগুলো থাকার অনুপযোগী বলে সমালোচনা উঠেছিল চিকিৎসা সংশ্লিষ্টদের মাঝে। বিষয়টি জানতে পেরে ডাক্তার, নার্স ও হাসপাতাল সংশ্লি-ষ্টদের পরিবারের কথা বিবেচনা করে তাদের এ থাকার ব্যবস্থা করে দেন দুই সংসদ সদস্য।
শুক্রবার এ তথ্য জানান খানপুর ৩শ শয্যা হাসপাতালের (করোনা হাসপাতাল) আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুজ্জোহা সরকার সঞ্জয়। তিনি জানান, যারা করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন তারা আমাদের জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। তাদের ও তাদের পরিবারের সদস্যদের কথা চিন্তা করেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান এ ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি জানান, ডাক্তারদের জন্য শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও নার্সদের জন্য জেলা পরিষদের ডাক বাংলো ব্যবস্থা করা হয়েছে। ইতোধ্যেই দুটি স্থান প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও আমাদের আরো যে সকল সরঞ্জাম প্রয়োজন ছিল তা ইতোমধ্যেই চলে এসেছে।
