গণমাধ্যম ও জনসমক্ষে সরকারি হাসপাতালের নার্সদের কথা বলতে নিষেধ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার এ সংক্রান্ত এক নোটিস জারি করেন। সম্প্রতি কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন নার্স হাসপাতালের কর্মীদের খাদ্যসংকট নিয়ে একটি পোস্ট দেন। তার ওই পোস্ট ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নার্স নেতারা এ নিয়ে হাসপাতাল প্রশাসনের সঙ্গে কথা বলেন। নোটিসে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।’
×
