করোনা সন্দেহে নিজ বাড়িতে জায়গা হলো না বৃদ্ধের

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৭:০৭ পিএম

করোনা সন্দেহে নিজ বাড়িতে জায়গা হলো না ৬০ বছর বয়সী এক বৃদ্ধের। নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে ওই বৃদ্ধ আশ্রয় চেয়ে ছিলেন তার মেয়ের বাড়িতে। কিন্তু ওই এলাকার মানুষ তাকে সেখানেও থাকতে দেয়নি। স্থানীয় একটি ঈদগা মাঠে ফেলে রাখে হতভাগ্য ওই বৃদ্ধকে। 

অবশেষে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের বদৌলতে তার জায়গা হয়েছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা সংক্রমণের তেমন কোন লক্ষণ নেই ওই বৃদ্ধের শরীরে। 

এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

জানা যায়, মজিবুর রহমান নামের ওই বৃদ্ধ ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানার কর্মচারী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হন। অসুস্থ্য থাকায় তাকে কারখানা থেকে ছুটি দেওয়া হয়।

কর্মস্থল ছেড়ে শনিবার সকালে তিনি চলে আসেন তার নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর গোপালকান্দি গ্রামে। তার স্ত্রী জীবিত নেই, নেই কোন ছেলে সন্তান। নিজ বাড়িতে ছোট্ট একটি ঘর তার শেষ আশ্রয়স্থল। 

কিন্তু করোনা কবলিত ঢাকা থেকে এসেছেন এবং জ্বর, কাশি থাকায় বাড়ির লোকজন তাকে নিজ ঘরে থাকতে বাধা দেয়। বহু আকুতি-মিনতি করেও পৈত্রিক ভিটেবাড়িতে থাকার সুযোগ হয়নি তার।

নিরূপায় হয়ে মজিবুর রহমান চলে যান তার একমাত্র মেয়ের শ্বশুড় বাড়ি একই ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামে। কিন্তু করোনায় আক্রান্ত সন্দেহে সেখানেও ঠাঁই হয়নি তার। এলাকার মানুষ তাকে মেয়ের বাড়িতে থাকতে দেয়নি। মুক্তিরকান্দি গ্রামের লোকজন তাকে স্থানীয় হাজী মার্কেটের পাশের একটি ঈদগাহ মাঠে ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয়রা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেনকে খবর দেন।

ডা. নুশরাত জাহান মিথেন বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহকে জানালে তার নির্দেশে জরুরী অ্যাম্বুলেন্স পাঠিয়ে বৃদ্ধকে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, বৃদ্ধের জ্বর, কাশি তেমন গুরুতর নয়, করোনায় আক্রান্তের উপসর্গও তেমন নেই। তারপরও যেহেতু তিনি করোনা কবলিত এলাকা থেকে এসেছেন সে জন্য তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। রোববার সকালে তার নমুনা সংগ্রহ করা হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত