পঞ্চগড় সদর থানার ধাক্কামারা ইউনিয়নের আমতলা রাজারপাটডাঙ্গা আশ্রয়ণের পাশে করতোয়া নদীর ধারে চা বাগানসংলগ্ন এলাকা থেকে গত ১০ এপ্রিল উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম মো. মিলন (২৪)। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ এলাকার নাইমুল হাসানের ছেলে। মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে তাকে মাথায় রড দিয়ে আঘাত করে পালিয়েছিল তারই এক সঙ্গী।
পুলিশ জানায়, ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক সুমন (২০) ও আবু হাসানকে (১৮) গত শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিনহাজুর রহমানের আদালতে হাজির করলে সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকায়। নিহত মিলন ও গ্রেপ্তার হওয়া সুমনের মধ্যে মাদক কারবারের টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব চলছিল।
