ওসমানী বিমানবন্দর নতুন টার্মিনাল ভবন নির্মাণে চুক্তি সই

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:৪৫ এএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর সম্মেলন কক্ষে এ চুক্তি হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১৬ কোটি টাকা। চুক্তিতে বেবিচকের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। আর কার্যাদেশ পাওয়া বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপের (বিইউসিজি) পক্ষে সই করেন বাংলাদেশের কান্ট্রি হেড মি. হ্যারল্ড হুয়াং।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এটি বর্তমান সরকারের দূরদর্শী ও গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে ওসমানী বিমানবন্দর দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।’ এ সময় মি. হ্যারল্ড হুয়াং তার বক্তব্যে বেইজিংসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তার প্রতিষ্ঠান সিলেটে দৃষ্টিনন্দন অত্যাধুনিক মানের স্থাপনা নির্মাণে সক্ষম হবে বলে প্রতিশ্রুতি দেন। বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, প্রকল্পের কাজ শেষ হতে ২ বছর ৯ মাস লাগবে। প্রকল্প বাস্তবায়িত হলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন ও আধুনিক ফায়ার স্টেশন পাবে। এতে করে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ৬ লাখ থেকে ২০ লাখে উন্নীত হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত