করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী অঘোষিত লকডাউনের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে ফেনীতে পিকআপচাপায় দুই শ্রমিক, ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য, সিরাজগঞ্জে ওষুধ সরবরাহের গাড়ির ধাক্কায় সাইকেলআরোহী শিশু এবং লক্ষ্মীপুরে এক মোটরসাইকেলচালক রয়েছেন। গতকাল রবিবার ও গত শনিবার এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ফেনী : সদর উপজেলার চরহকদী গ্রামের টেন্ডলের ঘাটে মাটি কাটার পিকআপচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের মধ্যগঞ্জ উপজেলার মাছিমপুর আটাইশা গ্রামের দ্বীন ইসলামের ছেলে ইমাম হোসেন কানন ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের আবদুল আজিজ সরদার।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম পলাশ জানান, শনিবার মাটি কাটার পিকআপ ঘোরানোর সময় অজ্ঞাতবশত তিন শ্রমিক পিষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই কানন ও আজিজ মারা যান। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ : কামারখন্দ উপজেলার রসুলপুর কৃষ্ণচূড়াতলা এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে স্কয়ার কোম্পানির ওষুধ সরবরাহের একটির গাড়ির ধাক্কায় রমজান আলী (১২) নামে এক সাইকেলআরোহী প্রাণ হারিয়েছে। শিশুটি উপজেলার চৌবাড়ী গ্রামের মো. আলকাস মণ্ডলের ছেলে। স্থানীয়দের উদ্ধৃত করে কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সাইকেল চালিয়ে যাওয়ার সময় রমজানকে ওই গাড়িটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ভালুকা (ময়মনসিংহ) : গত শনিবার রাত ১০টার দিকে ভালুকার ভরাডোবা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুলতান আহম্মেদ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাদ্দাম হোসন (৩০) নামে আরেক সদস্য। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুলতান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। সুলতান নায়েক ও সাদ্দাম পুলিশ সদস্য পদে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩-এ কর্মরত ছিলেন বলেও জানান তিনি।
লক্ষ্মীপুর : সদর উপজেলার বালাইশপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে জহির খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরের এ দুর্ঘটনায় বাবু নামে আরেক আরোহী গুরুতর আহত হন। জহির লক্ষ্মীপুর পৌর শহরের রাজিবপুরের বাসিন্দা হেলাল খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে জহির ও বাবু স্থানীয় বশিকপুর থেকে রাজিবপুর নিজেদের এলাকায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে দুজন আহত হন। উদ্ধার করে তাদের স্থানীয় ভাই ভাই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জহিরকে সদর হাসপাতালে নেওয়ার ১০ মিনিট পর তিনি মারা যান।
