৮ জেলার সঙ্গে আজ ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৩:৫৭ এএম

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে দুটি বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই যুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়। জেলাগুলো হচ্ছে- ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সদর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে। এর আগে শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তিন দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগের ৪০টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন। দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত