কর্ণফুলীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ‘কবিরাজকে’ হত্যা

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৩:০৮ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাওলানা শায়ের মুহাম্মদ সাগর (৪২) নামের এক কথিত কবিরাজকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগর উপজেলার শিকলবাহা ইউনিয়নের অলির বাপের বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে।

এর আগে রবিবার রাত ৯টার দিকে উপজেলার চরলক্ষযা ইউনিয়নের পশ্চিম চরলক্ষযা গোয়ালপাড়া এলাকার রাস্তার পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে খবর পেয়ে হাসপাতালে যান তার স্বজনরা।

নিহতের ছোটভাই মুহাম্মদ জাফর বলেন, আমার ভাই সাগর কবিরাজি ও তাবিজ-কবজের কাজ করেন।

রবিবার বিকেলে আমাদের শিকলবাহা বাড়িতে মুখে মাস্ক পরা চারজন মানুষ আসেন। তারা একজন রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলে আমার ভাইকে নিয়ে যায়। রাত ৯টার দিকে খবর আসে রক্তাক্ত অবস্থায় পশ্চিম চরলক্ষযা গোয়ালপাড়ার রাস্তার পাশে ভাই পড়ে রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে আমরা সেখানে যায়। তার মাথায় ছুরিকাঘাত করায় রাত ১২টায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যার কারণ কী সেটা এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত