বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বেতন কর্তন এবং চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের ছাঁটাইয়ের খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক হারুণ আল রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম।
তারা বলেন, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সামনে থেকে সেবা দিয়ে চিকিৎসকরা (সরকারি-বেসরকারি) গোটা বিশ্বেই জাতীয় বীর হিসেবে সম্মান পাচ্ছেন। বাংলাদেশের চিকিৎসকরাও যথাযথ ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ছাড়াই সম্মুখযোদ্ধা হিসেবে করোনার বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করছেন।
