গোপালগঞ্জে পোশাকশ্রমিক ধর্ষণের শিকার

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০১:১৩ পিএম

গোপালগঞ্জে এক পোশাকশ্রমিক (২৫) ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পা্ওয়া গেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম নামে এক ইজিবাইক চালক কৌশলে তাকে রাতে নিজের বাড়িতে আশ্রয় দেবার কথা বলে শহরের কলাবাগান এলাকায় ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে বলে ওই নারী অভিযোগ করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই পোশাকশ্রমিক গাজীপুর থেকে খুলনা যাবার পথে ভেঙে ভেঙে রাত ৭/৮ টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইনস-এর কাছে এসে পৌঁছান।

রাত হয়ে যাওয়ায় এবং কোনো যানবাহন না থাকায় তিনি একা সেখানে বসে থাকেন। এ সময় খায়রুল (৩৫) নামে ওই ব্যক্তি সকালে ইজিবাইকে করে খুলনায় পৌঁছে দেবার কথা বলে রাতে তার বাড়িতে মা-বোনের কাছে থাকার প্রস্তাব দেয়।

এতে তিনি রাজি হয়ে ইজিবাইক চালকের সাথে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে ফাঁকা জায়গা নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়  খায়রুল। পরে তিনি রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকের সহায়তায় পুলিশের কাছে যান। পরে পুলিশ গিয়ে খায়রুলকে গভীর রাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ওই নারীর ডাক্তারি পরীক্ষা আজ মঙ্গলবার সদর হাসপাতালে করা হবে এবং গ্রেপ্তার খায়রুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত