পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় মৌসুমী সবজি বিতরণ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০২:২২ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় সরকারি ত্রাণের সঙ্গে বিভিন্ন রকম মৌসুমী সবজি বিতরণ করছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা সংকটে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের নগদ টাকায় সবজি কেনার সামর্থ কমে গেছে। ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি বিক্রি করতে পারছে না।

এ অবস্থায় অসহায় দুস্থদের ভাতের পাশাপাশি তরকারির চাহিদা পূরণ এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।

গত সপ্তাহে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় ২ হাজার ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল সবজি বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বলা হয়, শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তার মাধ্যমে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত সকল পরিবারের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের মাধ্যমে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

ইতোপূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকাসহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেন।

এছাড়া রাজশাহী সরকারি হাসপাতাল চারঘাট, বাঘা, পবা ও মোহনপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাঝে পিপিই সরবরাহ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত