বেতন কম নিতে রাজি আর্সেনালের খেলোয়াড়রা

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:০৮ পিএম

করোনাভাইরাসের কারণে চলমান সংকটে বেতন কম নিতে সম্মত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ ও খেলোয়াড়রা।

ইএসপিএনএফসি জানিয়েছে, ক্লাবের প্রস্তাবমতো ১২.৫ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন খেলোয়াড় ও কোচরা। চলতি এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, চলবে ২০২১ সালের মার্চ পর্যন্ত।

আগামী মৌসুমে ক্লাবকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারলে কেটে নেওয়া বেতন-ভাতা খেলোয়াড় ও কোচদের ফেরত দেওয়া হবে বলে আর্সেনালের বিবৃতিতে জানানো হয়েছে। কাঙ্ক্ষিত সাফল্যের মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। ইউরোপা লিগে জায়গা পেলেও কিছু অংশ ফেরত দেওয়া হবে।

আর্সেনালের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মূল দলের খেলোয়াড়, প্রধান কোচ ও মূল কোচিং স্টাফদের সঙ্গে স্বেচ্ছায় একটি ঐক্যমত্যে পৌঁছেছি যে, এই কঠিন সময়ে ক্লাবের পাশে থেকে সহযোগিতা করবে।”

“বার্ষিক বেতন থেকে ১২.৫ শতাংশ কম নেবেন তারা। কয়েক দিনের মধ্যেই চুক্তির কাগজপত্র তৈরি করা হবে। যদি কাঙ্ক্ষিত সাফল্য আমরা মাঠে পেতে পারি, তাহলে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে।”

এর ফলে আর্সেনাল ২ কোটি পাউন্ড বাঁচাতে পারবে বলে জানিয়েছে ইএসপিএন। এই সিদ্ধান্তে ক্লাবের বেশিরভাগ খেলোয়াড় রাজি থাকলেও দুইজন বেঁকে বসেছিলেন। পরে ক্লাবের প্রধান কোচ মিকেল আর্তেতা তাতের রাজি করান।

করোনারভাইরাস বড় ধাক্কা হয়ে এসেছে ইউরোপের অন্যান্য ক্লাবের জন্যও। খেলোয়াড়দের ৭০ শতাংশ কম বেতন দেবে লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

ইতালির সেরি আ’র ক্লাব জুভেন্তাস বেতন দেবে অর্ধেক। খেলোয়াড়দের কম বেতন দেবে বুন্ডেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত