ঈশ্বরদীতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা: স্ত্রীসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:৪৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে পরকীয়ার জের ধরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে দিনাজ প্রমানিককে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্ত্রীসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

গত রবিবার (১৯ এপ্রিল) সকাল ৬টায় মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের হায়দার মাষ্টারের পারিবারিক কবরস্থানের পাশে দিনাজের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পুলিশ ঈশ্বরদীর মুলাডুলি চেকপোস্ট হতে ট্রাকসহ ২ জন এবং দিনাজের বাড়ি থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দি পশ্চিমপাড়া আদর্শগ্রামের রুস্তম আলীর ছেলে ট্রাকচালক কামরুল হাসান ওরফে কামির ফকির (৪২), একই গ্রামের মৃত জামাল উদ্দিন ব্যাপারির ছেলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম মিন্টু (৩৫) এবং নিহত দিনাজের স্ত্রী এক সন্তানেরর জননী হোসনেয়ারা বেগম (৪২)।

আসামিদের স্বীকোরক্তির বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, দিনাজের স্ত্রী হোসনেয়ারার সাথে কামির ফকিরের ছোটবেলা হতেই সম্পর্ক ছিলো। এরই মধ্যে দিনাজের সাথে হোসনেয়ারার বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে এবং সেও বিবাহিত।

দিনাজ দীর্ঘদিন প্রবাসে থাকায় স্ত্রীর সাথে কামিরের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। প্রবাস থেকে আসার পর অবৈধ সম্পর্ক বাধাগ্রস্ত হয়।

এরই জের ধরে গত ১৮ এপ্রিল শনিবার রাতে মূলাডুলির আরআরপি ফিড মিলের ট্রাক চালক কামির ফকির ফোন করে দিনাজকে সরইকান্দিতে ডেকে এনে হেলপারসহ একসাথে গাঁজা সেবন করেন।

একপর্যায়ে দিনাজ বেসামাল হয়ে পড়লে তাকে ট্রাকের কেবিনের মধ্যে নিয়ে ২জন মিলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর লাশ নিয়ে ট্রাক চালিয়ে গোয়ালবাথান গ্রামের হায়দার মাস্টারের পারিবারিক কবরস্থানের পাশে জঙ্গলে ফেলে রাখে। পরে তারা আর আর পি ফিড মিলের মালামাল নিয়ে নরসিংদী চলে যায়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী হতে অন্য মালামাল নিয়ে ফেরার পথে মুলাডুলি চেকপোস্টে ট্রাকসহ তারা গ্রেপ্তার হয়। পরে থানায় দেয়া স্বীকোরক্তির ভিত্তিতে রাতেই হোসনেয়ারাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হোসনেয়ারা  অবৈধ সম্পর্ক ও  হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

ওসি আরও জানান, নিহত দিনাজও দুষ্টু প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন। বিয়ের আসর থেকে হোসনেয়ারাকে জোরপূর্বক তুলে নিয়ে তিনি বিয়ে করেন।

উল্লেখ্য, গত রবিবার (১৯ এপ্রিল) সকাল ৬টায় মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের হায়দার মাষ্টারের পারিবারিক কবরস্থানের পাশে জঙ্গলের মধ্য থেকে পুলিশ দিনাজ প্রামাণিকের মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত