দুই সাবেক দম্পতি নিয়ে হালে হলিউডে চর্চার শেষ নেই। এর মধ্যে জেনিফার অ্যানিস্টন ও ব্র্যাড পিটের যমজ বাচ্চার নিয়ে খবর হয়েছে কয়েক দিন আগে। অন্য দিকে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ পরবর্তী বিরোধের জেরে ‘অ্যাকুয়াম্যান টু’ থেকে বাদ পড়তে যাচ্ছেন অ্যাম্বার হার্ড।
কয়েক মাস আগে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার ভক্তরা অনলাইনে একটি পিটিশন দেন। যেখানে তারা জেসন মোমোয়ার বিপরীতে সুপারহিরো সিনেমায় হার্ডকে দেখতে চায় না বলে জানায়।
ঠিক এই কারণেই হয়তো ‘অ্যাকুয়াম্যান টু’ থেকে বাদ পড়তে পারেন অ্যাম্বার হার্ড অথবা তার ভূমিকা গৌণ হয়ে যেতে পারে।
আরও শোনা যাচ্ছে, ডিসি’র হিট ফ্র্যাঞ্চাইজিটিতে নায়িকা হিসেবে ভাবা হচ্ছে ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী এমিলিয়া ক্ল্যার্ককে। ইতিমধ্যে হার্ডের বদলে ক্ল্যার্ককে অন্তর্ভুক্ত করার জন্য চেঞ্জ ডট অর্গে পিটিশন দাখিল হয়েছে।
তবে এই নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ‘অ্যাকুয়াম্যান টু’ সংশ্লিষ্ট কোনো পক্ষ।
কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে বিয়ে করেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। এর মাত্র দুই বছরের মাথায় তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
