করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশিদের দ্রুত দেশত্যাগ চরম সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বলেছে, এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে না উঠলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এক আশঙ্কা প্রকাশ করেছেন।
সরকার করোনা সংকটের ভয়াবহতা এবং এর স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে দাবি করে দলটি অভিযোগ করেছে, সরকার দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এ সংকট মোকাবিলা করতে চাচ্ছে।
বিবৃতিতে তারা বলেন, ত্রাণের চাল আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ না নিলে মহাবিপর্যয় দেখা দেবে।
এ ছাড়া নকল মাস্ক সরবরাহের দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের অপসারণ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা।
