গোয়ালন্দে লকডাউন উপেক্ষা করে ইউপি সদস্যের শালিস বৈঠক

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পিএম

লকডাউন অমান্য করে জনসমাগম করে শালিস বৈঠকের আয়োজন করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আ. গনি মন্ডল। পরে অিবশ্য এ ধরনের কাজ করা উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা দিয়ে রক্ষা পান ওই ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গনি মন্ডল সোমবার তার এলাকায় একটি বিবাদমান বিষয়ে দুই পক্ষকে নিয়ে শালিসে বসেন। খবর পেয়ে থানা হতে পুলিশ গিয়ে শালিস বন্ধ করে দেয় এবং গনি মন্ডলকে সঙ্গে করে তার অফিসে নিয়ে আসে। এ সময় তিনি শালিসের কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেন। পরে তার থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে তাকে শাস্তি হতে রেহাই দেওয়া হয়।

এ বিষয়ে আ. গনি মন্ডল বলেন, গত ১৫ এপ্রিল স্থানীয় বরকত সরদার পাড়ায় একটি মারামারি হয়। তাতে আহত হয়ে কয়েকজন হাসপাতালে রয়েছেন। আবার ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আমি দুই পক্ষকে শান্ত করি এবং এ মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছিলাম। এ ঘটনাকেই হয়তো কেউ রং লাগিয়ে প্রশাসনকে জানিয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, ভয়াবহ করোনার বিস্তার ঠেকাতে এলাকায় লকডাউন চলছে। যে কোন ধরনের জমায়েত ও সভাসমাবেশ করা নিষিদ্ধ। কোথাও কোন সমস্যার সৃষ্টি হলে তিনি প্রশাসনকে দ্রুত অবহিত করা জন্য সর্বসাধারণকে অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত