ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয়। নিহত শহীদ মাতুব্বর (৪৫) গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রামে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের প্রভাবশালী শাহজাহান মাতুব্বরের সঙ্গে জাহাঙ্গীর মাতুব্বরের সমর্থকদের এ সংঘর্ষ হয়। তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। তারা উভয়েই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক। গতকাল সকালে পাশের ফাজেলপুর গ্রামের একজনের জমিতে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে সেখানে জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে শাহজাহানের সমর্থকদের কথা কাটাকাটির পর ধাক্কাধাক্কি হয়। এনিয়ে পরে লক্ষ্মীপুর গ্রামে জাহাঙ্গীরের সমর্থক তোতা মিয়ার সঙ্গে শাহজাহানের সমর্থক এসকেন্দারের কথা কাটাকাটির একপযায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শাহজাহানের সমর্থক শহীদ মাতুব্বর গুরুতর আহত হলে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
