গাজীপুরে শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ অব্যাহত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:০০ এএম

মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেতনের দাবি জানায়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, গাজীপুরের ছয়দানা এলাকায় অমিতি সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন গত ১২ এপ্রিল পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিকরা গিয়ে দেখেন কারখানা মূল ফটকে তালা ও কোনো কর্মকর্তা অফিসে আসেননি। এরপর ২১ এপ্রিল বেতন দেওয়ার তারিখ দেওয়া হলেও গতকাল মঙ্গলবারও কোনো কর্মকর্তা কারখানায় আসেননি। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার আশ্বাস দিয়ে সড়কের ওপর থেকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস আর লকডাউন আমাদের কোনো কিছু মানছে না। ভাড়িওয়ালা ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে। যে দোকান বাকি দিয়েছে, তারা টাকা চাইছে। আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমাদের চোখে করোনা আর লকডাউন পড়ছে না। রাস্তার কুকুর খাবার পাচ্ছে, কিন্তু শ্রমিকদের কেউ সাহায্য সহযোগিতা করছে না।

অপর শ্রমিক মোস্তাফিজুর রহমান বলেন, গত ১২ এপ্রিল বেতন দেওয়ার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত বেতন দিচ্ছে না। যার কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজ্জাকুল হায়দার জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাজীপুরের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে ছুটি ঘোষণা করায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এতে জেলার বেশকিছু কারখানর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ পাওনাদি পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এসব কারখানার শ্রমিকরা গত কয়েক দিন ধরেই মার্চ মাসসহ তাদের পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত