বিএনপি ত্রাণ দিচ্ছে আর চুরি করছে আ.লীগ : রিজভী

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:২৪ এএম

বিএনপি পকেটের টাকার ত্রাণ দিচ্ছে, আর সরকারি দলের মেম্বার-চেয়ারম্যান জনগণের টাকায় কেনা ত্রাণ চুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল মঙ্গলবার রাজধানীর কাফরুল থানা বিএনপির উদ্যোগে ইব্রাহিমপুর কাফরুল এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় ড্যাবের সহকারী মহাসচিব ডাক্তার শাকিল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাফরুল থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিএনপির নেতাকর্মীরা দুস্থ ও গরিব মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন।

রিজভী বলেন, দেশ একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশসহ পুরো বিশ্ব মহামারীর মধ্যে পতিত হয়েছে। এ কারণে প্রতিটি মানুষ আতঙ্কে ও সংখ্যার মধ্যে দিন যাপন করছে। তিনি বলেন, তাইওয়ান ও ভিয়েতনামে আগাম প্রস্তুতির কারণে করোনার তেমন সংক্রমণ হয়নি। তারা আগে থেকেই মানুষকে সচেতন করতে পেরেছে। কিন্তু আমাদের দেশে তা করা হয়নি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারি ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ সাধারণ জনগণ পাচ্ছে না। ত্রাণের চাল তেল ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ডাল চোরদের উৎসব।

রিজভী বলেন, মহামারীর মধ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার মনে করছে বিএনপি যেভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে, ত্রাণ বিতরণ করছে, তাতে তাদের মুখ আর থাকছে না। এদিকে সরকারি দলের লোকেরা ত্রাণ চুরি করছে। আর বিএনপির লোকেরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে। তারা যতই গ্রেপ্তার করুক আমরা এই মহামারীতে মানুষের পাশে আছি এবং থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত