রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্যোগে তার কিশোরগঞ্জে করোনাভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) স্থাপন করা হচ্ছে। কিশোরগঞ্জ সদরের যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাব স্থাপন করা হবে।
এর ফলে কিশোরগঞ্জের কাউকে করোনা শনাক্তের রিপোর্ট ঢাকা থেকে আসার জন্য অপেক্ষা করতে হবে না। দিনের পরীক্ষার রিপোর্ট দিনেই পাওয়া যাবে।
বুধবার সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। যেহেতু এ জেলায় ইতোমধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন, সেহেতু এখানে নমুনা সংগ্রহও দিন দিন বাড়াতে হচ্ছে। এ অবস্থায় এখানে ল্যাব প্রয়োজন। বিষয়টি অনুধাবন করে মহামান্য রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।
রাষ্ট্রপতির প্রচেষ্টায় খুব শিগগিরই এখানে একটি ল্যাব স্থাপন করা হবে।
তিনি জানান, ইতোমধ্যে ল্যাব স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই কিশোরগঞ্জে করোনার পরীক্ষা শুরু হবে।
এদিকে ঢাকার ল্যাবরেটরি হতে অনিবার্য কারণে মঙ্গলবার নমুনার প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় করোনা সংক্রান্ত আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
তবে বুধবার আমাদের স্যাম্পল জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ( আইপিএইচ) পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা জানান, ল্যাব হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বুধবার সকালে এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাই কিশোরগঞ্জে একটি পিসিআর ল্যাব হচ্ছে।
