সাভারের ব্যাংক কলোনি এলাকার এক নারী নিজের ‘চুল বিক্রি করে সন্তানের খাবার কিনেছেন’ ছবিসহ এমন খবর ফেসবুকে প্রচার করায় তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
শুক্রবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চত করেন।
তিনি বলেন, ‘বাজার রোড এলাকার বাসিন্দা রাজিম ভূইয়া মিশু (৩২) নামের এক ব্যক্তি বৃহস্পতিবার রাত ৮টার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত তিনজনকে আসামি করা হয়েছে।’
মামলার অভিযুক্তরা আসামিরা হলেন, সাভারের ব্যাংক কলোনী ছাপরা মসজিদ এলাকার রাজিব মাহমুদ (৩২), দিলখুশাবাগ এলাকার ওমর ফারুক (৪০) এবং সোবহানবাগ এলাকার ওবায়দুর রহমান অভি (৫০)।
মামলা সূত্রে জানা যায়, ‘সেইফ সাভার’ নামে ফেইসবুক আইডি থেকে ব্যাংক কলোনির এক নারী নিজের ‘চুল বিক্রি করে বাচ্চার খাবার কিনেছেন’ এমন পোস্ট দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে রাজিব মাহমুদকে প্রাধান আসামী করা হয়েছে। সেই পোস্টটি শেয়ার করে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওমর ফারুককে মামলায় দ্বিতীয় আসামী করা হয়েছে। এ ছাড়া দুজনকে সহযোগিতার অভিযোগে ওবায়দুর রহমান অভিকে আসামি করা হয়েছে।
খবর: ডেইলি স্টার।
