অঘোষিত লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে কৃষি শ্রমিকের অভাবে পাকা বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। সেই সংকট দূর করতে দেশের বিভিন্ন জেলায় গতকাল শুক্রবার পর্যন্ত নীলফামারী থেকে ৮৫০ শ্রমিক পাঠানো হয়েছে। জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সুনামগঞ্জ, গাজীপুর, শরিয়তপুর, কুমিল্লা, ঢাকা, ভোলা, টাঙ্গাইল, নাটোর এবং নওগাঁয় এখন পর্যন্ত শ্রমিক পাঠানো হয়েছে।
নীলফামারী সদর উপজেলার কাঞ্চপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (৩৫) বলেন, ‘প্রতিবছর এ সময়ে আমরা জেলার বাইরে ধান কাটতে যাই। কিন্তু এবার লকডাউনের কারণে যেতে পারছিলাম না। পুলিশের উদ্যোগে যেতে পারায় আমাদের আয়ের পথ খুলল। এতে সংসারের অভাব কিছুটা হলেও দূর হবে।’ একই গ্রামের সফিউল ইসলাম (৩০) জানান, দুই মেয়ে, এক ছেলে, স্ত্রী, বাবা-মাসহ সাত সদস্যের পরিবার তার। লকডাউনের কারণে কাজ করতে না পেরে সংসারে দেখা দেয় অনটন। পরিবার চালানোর অর্থ জোগানে পুলিশের শ্রমিক পাঠানোর উদ্যোগে সাড়া দেন তিনি।
