কোয়ারেন্টাইনে থেকে রোজা রাখবেন খালেদা জিয়া

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৫:৩১ এএম

হোম কোয়ারেন্টাইনে থেকেই রোজা পালন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ম্যাডাম এখন হোম কোয়ারেন্টানেই আছেন। যেহেতু গোটা জাতি লকডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ। উনি (ম্যাডাম) উনার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসাধীন আছেন। এভাবে কোয়ারেন্টাইনে থেকে তিনি রোজা পালন করবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, বাসায় খালেদা জিয়ার সময় কাটছে নামাজ, কোরআন তেলাওয়াত, তসবিহ পাঠ, বই পড়ে। এছাড়া  দুই পুত্রবধূ, নাতনিদের সঙ্গে টেলিফোনে মাঝেমধ্যে কথা বলেন তিনি।

সরকার নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে গত ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়। দুই বছর কারাবাসের শেষের এক বছর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মুক্তি পেয়ে হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন অসুস্থ খালেদা জিয়া। বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টাইনে থাকেন। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সব তত্ত্বাবধান করছেন। ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত