নীলফামারীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া সংবাদপত্র হকারদের খাদ্য সহায়তা দিয়েছে জেলা পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয় চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে হকারদের খাদ্য সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রবিউল ইসলামসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন রয়েছে নীলফামারী জেলা। এমন পরিস্থিতে অনেক মানুষ কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছেন। সংবাদপত্রের হকাররা তাদেরই একটি অংশ। অফিস, আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠকদের কাছে সংবাদপত্র বিক্রয় করেত না পারায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছেন হকাররা। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। শনিবার পুলিশ সুপারের নেতৃত্বে মানবিক সহযোগিতা হিসেবে ২২ জন সংবাদপত্র হকারকে ৫ কেজি করে চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার ভৈজ্য তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, এক কেজি লবণ, একটি করে সাবান প্রদান করা হয়।
এর আগে জেলা পুলিশের উদ্যোগে ও পুলিশ সুপারের নেতৃত্বে খাদ্য সংকটে পড়া দুই সহস্রাধিক পরিবারে একই ধরণের সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন,“চলমান দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে ওই সহায়তা প্রদান করা হচ্ছে। মানবিক সংকট মোকাবেলায় এ প্রক্রিয়া চলমান থাকবে।’’
