বরগুনায় চিকিৎসকসহ নতুন করোনা আক্রান্ত ৭

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৯:৪৮ এএম

বরগুনায় একজন চিকিৎসক, তিনজন শিশু ও দুইজন নারীসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭জন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ জন।

এর মধ্যে দু'জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, দু'জন মৃত্যুবরণ করেছেন এবং বাকি ২৬ জন হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।

শনিবার রাত ৯টায় বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন তিনজন, আমতলীতে দুই জন, বামনায় একজন এবং বেতাগীতে একজন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদরের ধানসিঁড়ি সড়কের পূর্বের আক্রান্ত ব্যক্তির স্ত্রী (৪৪), ৮ ও ১৩ বছরের দুই ছেলেসহ মোট তিনজন আক্রান্ত হয়েছেন।

এছাড়া আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্বের আক্রান্ত ব্যক্তির স্ত্রী (৩৭) ও ছেলে (৭) নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (২৬) আক্রান্ত হয়েছেন। উপসর্গ গোপন করে চিকিৎসা নিতে আসা এক রোগীর মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বেতাগীর ওই চিকিৎসক।

এর বাইরে বামনার উত্তর রামনা গোলাঘাটা গ্রামের একজন (৪৪) ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তিনি একই এলাকার সংক্রমনিত অপর একজন ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন।

উপজেলা ভিত্তিক তথ্যানুযায়ী, এ পর্যন্ত বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২ জন, বামনা উপজেলায় ছয়জন, বেতাগী উপজেলায় তিনজন, আমতলী উপজেলায় সাতজন এবং পাথরঘাটা উপজেলায় দুজন। এখন পর্যন্ত অপর একটি উপজেলা তালতলীতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে আরো সাতজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৩৯৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে মৃত দু'জন ও সুস্থ্ দু'জনসহ মোট ৩০ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মো¯Íাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই সাতজনের বাড়িসহ আশপাশের বেশকিছু বাড়িতে ইতোমধ্যেই সকল ধরনের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আক্রান্ত ব্যক্তিরা যাদের সংস্পর্শে এসেছেন তাদেরকেও স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত