রংপুর জেলার একমাত্র ভারী শিল্প শ্যামপুর চিনিকল। করোনভাইরাস মহামারীতে এই শিল্প কারখানায় ৪ মাসের বকেয়া বেতন ও গত বছরের ২ কোটি টাকারও বেশি বকেয়া আখের দামের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্যামপুর চিনি কলের শ্রমিক ও আখচাষীরা।
রবিবার দুপুরে মিল গেটে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ বরে। এ সময় শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন অবিলম্বে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন দেওয়ার জোর দাবি জানান।
বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ সমাবেশে একত্মতা ঘোষণা করেন শ্যামপুর চিনিকল আখচাষীরা। আখচাষীদের অভিযোগ, গত মৌসুমের দুই কোটি টাকা আখচাষীদের বকেয়া রেখেছে চিনিকল। এই বকেয়া টাকা পরিশোধ না করলে আখচাষীরা আর আখ চাষ করবেন না বলে ঘোষণা দেন আখচাষী নেতা মমদেল হোসেন।
এ প্রসঙ্গে শ্যামপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বর্তমান পরিস্থিতিতে চিনিকলের উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা সম্ভব না হওয়ায় শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না। আর কৃষকের আখের মূল্য বাকি প্রসঙ্গে তিনি মন্তব্য করতে রাজি হননি ।
