নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশার পারফরম্যান্সের পর বদল আসতে যাচ্ছে বাংলাদেশ দলের কোচিং স্টাফে।
ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ ৪ ম্যাচের সব কটিতে হারে। যদিও অন্তত একটি ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল সালমা খাতুন, জাহানারা আলমরা। সেটা প্রত্যাশিতও ছিল।
বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দুই মাস। তবে এখনো হতাশার এর পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে কার্যকর কিছু করা হয়নি বিসিবির। সংশ্লিষ্টরা বৈঠকে বসার কথা থাকলেও সেটি ভেস্তে যায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বোর্ড।
বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী ক্রিকবাজকে বলেন, ‘সবকিছু স্বাভাবিক হওয়ার পর আমরা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স মূল্যায়ন করতে বসব। আমরা আগেই বিশ্বকাপে খারাপ করার কারণগুলো খুঁজে বের করতে বসতাম। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হয়নি।’
ক্রিকবাজ ইঙ্গিত দিচ্ছে, নারী ক্রিকেট দলে পরিবর্তনের। বিশেষ করে কোচিং স্টাফে। যাদের মধ্যে রয়েছেন প্রধান কোচ অঞ্জু জাইন। ভারতীয় এই কোচের সঙ্গে অবশ্য বিসিবির চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার সঙ্গে হয়তো আর নতুন চুক্তি করছে না বিসিবি।
এদিকে ২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেই আসরকে লক্ষ্য রেখে অনূর্ধ্ব-১৯ দলকে ভালোভাবে তৈরি করার পরিকল্পনা ছিল বিসিবির। মে’তে ভারত সফরের পরিকল্পনাও ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই পরিকল্পনাও আপাতত ভেস্তে গেছে।
