করোনা নিয়ে নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি : কাদের

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৬:৩১ এএম

করোনাভাইরাস সংকটকে ঘিরে বিএনপি নালিশের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় সরকার করোনার তথ্য গোপন করছে বলে বিএনপি যে অভিযোগ করছে তাও নাকচ করে দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বের তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। আপনারা করোনাকে কেন্দ্র করে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা লক্ষ করছি করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করল সরকার একলা চলো নীতিতে আছে।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য-প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছে সরকার নাকি তথ্য গোপন করছে। কী তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ। তিনি বলেন, সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার করোনাযোদ্ধা, যারা সত্যিকারের করোনাযোদ্ধা, ডাক্তার-নার্স-টেকনিশিয়ান যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে দলমত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনাযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি করোনা সংকট মোকাবিলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জরুরি সেবা দিচ্ছেন তাদের ধন্যবাদ জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহসী হচ্ছে তার শক্তির উৎস। সংকট মোকাবিলা শুরু থেকেই দলমত-নির্বিশেষে আমরা সবার সহযোগিতা চেয়েছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা সংকটে পতিত মানুষের জন্য এ পর্যন্ত কী কাজ করেছেন। করোনার বৃদ্ধি নিয়ে কী করেছেন আপনারা? সরকার সবাইকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে। সব সরকারি সংস্থা, পেশাজীবী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবিলায় সফল হবো ইনশাআল্লাহ। ওবায়দুর কাদের বলেন, ‘আমরা এখনো আহ্বান জানাই এর দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজবনির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।’ মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর ও মজুদদার অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধির লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত