করোনাভাইরাস জয় করে নিজ বাড়িতে ফিরেছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা ও ছেলে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে আবিরপাড়া গ্রামের বাড়িতে ফেরেন তারা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, করোনা মুক্ত হওয়ার পর এক অনুভূতিতে ৭০ বছর বয়সী মা ও ২৩ বছর বয়সী ছেলে দৈনিক দেশ রূপান্তরকে বলেন, মনের সাহস ও চিকিৎসকের আন্তরিকতায় করোনা জয় করতে পেরেছি।
তারা বলেন, আইসোলেশন সেন্টারে একা একা থাকতে খারাপ লাগেনি। বরং সুস্থ হওয়ার এটাই হচ্ছে একমাত্র পথ। মনে সাহস রেখেছি। পাশাপাশি চিকিৎসকদের আন্তরিকতা পেয়েছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, গেল ১০ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের ৭০ বছর বয়সী মায়ের করোনা শনাক্ত হয়। এর ৪ দিন পর তার ছেলে ও পুত্রবধূর করোনা শনাক্ত হয়।
এ অবস্থায় মা, ছেলে ও পুত্রবধূকে উপজেলা স্বাস্থ্য আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুই দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে মা ও ছেলের করোনা মুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়।
তবে পুত্রবধূ এখনও আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।
