করোনা নিয়ন্ত্রণের ঘোষণা নিউজিল্যান্ডের

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৫:৫৪ এএম

করোনাভাইরাসের সংক্রমণ আপাতত বন্ধ করা সম্ভব হয়েছে বলে ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। এখনকার মতো ‘করোনাযুদ্ধে’ জিতে গেছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

নিউজিল্যান্ডে ১ হাজার ১২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে মারা গেছে ১৯ জন। কয়েক দিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা এক অঙ্কে নেমে আসে দেশটিতে, রবিবার নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘এখনকার মতো’ ভাইরাস দূর করা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, কিন্তু শনাক্ত হয়নি এমন ব্যাপকমাত্রার কমিউনিটি সংক্রমণ নিউজিল্যান্ডে নেই। আমরা লড়াইয়ে জয়ী হয়েছি। কিন্তু পরিস্থিতিকে এমন রাখতে হলে আমাদের সতর্ক থাকতে হবে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড বলেন, ‘গত কয়েক দিনে নতুন আক্রান্তের সংখ্যা অনেক কমে আসায় করোনাভাইরাস দূর করার জন্য সরকার যে লক্ষ্য ঠিক করেছে, তা আমরা অর্জন করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। আমাদের আস্থা বেড়েছে।’

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক মেলামেশার ক্ষেত্রে নেওয়া কঠোর বিধিনিষেধ শিথিল করছে দেশটি। মঙ্গলবার থেকে সীমিত আকারে চালু হচ্ছে জরুরি সেবার বাইরেও কিছু ব্যবসায়িক খাত, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা।

তবে করোনা রোধে এই সাফল্যে কেউ যেন ‘আত্মতুষ্টিতে’ না ভোগেন, সে বিষয়ে কর্মকর্তারা সতর্ক করেছেন। লকডাউন তুলে নেওয়া হলেও বেশির ভাগ মানুষকে সারাক্ষণ ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরডার্ন বলেন, ‘আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করছি, কিন্তু মানুষের সামাজিক জীবন এখনই আবার চালু করা হচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত