নাটোরে আসমর্পণকারী চরমপন্থী দলের ২৩ সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। নাটোর জেলা পুলিশ মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ লাইন্সে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দিন এবং চরমপন্থী দলের সদস্যদের মধ্যে থেকে এস এম ফয়সাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরাধ জগতের অস্বাভাবিক জীবন পেছনে ফেলে সামাজিক জীবনে ফিরে আসায় উপকৃত হবেন পূর্বে চরমপন্থা অবলম্বনকারীদের পরিবার, আত্মীয়স্বজন তথা দেশ। আমরা আশা করি সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে এসে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদান কাজে লাগিয়ে তারা পেশাগত উন্নয়নে নিয়োজিত হবেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আত্মসমর্পণকারী ব্যক্তিরা নাটোরের নলডাঙ্গা, নাটোর সদর, সিংড়া, রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই এলাকায় আন্ডারগ্রাউন্ড দলের সদস্য হিসেবে ঐ এলাকার জনপদকে অস্থির করে তুলেছিল। তারা ২০১৯ সালের এপ্রিল মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন।
