বনানী কবরস্থানে চিরনিদ্রায় জামিলুর রেজা চৌধুরী

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার জোহরের নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

সোমবার গভীর রাতে ধানমন্ডির নিজ বাসায় ৭৭ বছর বয়সী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা যান।

তার আত্মীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, রাত ২টায় ঘুমের মধ্যে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু হয়।

জামিলুর রেজা চৌধুরী সবশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি একাধারে গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী ছিলেন। ১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেট শহরে প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও হায়াতুন নেছা চৌধুরীর পরিবারে জন্মগ্রহণ করেন জামিলুর রেজা চৌধুরী। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

ঢাকা কলেজ থেকে ১৯৫৯ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (তখনকার আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ)। ১৯৬৩ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন।

তিনি ১৯৬৪ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে চলে যান এবং সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াারিংয়ে স্নাতকোত্তর করেন। ১৯৬৮ সালে সেখানেই পিএইচডি শেষ করেন। এরপর দেশে ফিরে আবার বুয়েটে শিক্ষকতা শুরু করেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ১৯৯৬ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একুশে পদক লাভ করেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক নির্বাচিত হন।

জামিলুর রেজা চৌধুরী ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ ম্যাথমেটিকাল অলিম্পিয়ার্ড কমিটির প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। বুয়েট থেকে অবসরে যাওয়ার পর ২০০১ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সেই দায়িত্বে তিনি ছিলেন ২০১০ সাল পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত