হেল্পলাইনে আইনি সেবা দিচ্ছে লিগ্যাল এইড

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৬:০৯ এএম

করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ থাকায় ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা দিচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (ন্যাশনাল লিগ্যাল এইড)। সংস্থার হেল্পলাইন ১৬৪৩০-এ ফোন করে যে কেউ এ সেবা নিতে পারবেন।

সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মাসুদা ইয়াসমিন জানান, তাদের অফিসাররা ২৪ ঘণ্টা হেল্পলাইন সেবা দিচ্ছেন। আইনি পরামর্শের পাশাপাশি কিছু বিষয় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ভুক্তভোগী সেবা পাচ্ছেন কি না তা মনিটরিং করা হচ্ছে। তিনি আরও জানান, আদালত বন্ধের আগে অনেকেই জামিন পেলেও জামিননামাসহ অন্যান্য কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় মুক্তি পাননি। লিগ্যাল এইডের উদ্যোগে এমন পাঁচজন মুক্তি পেয়েছেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, মন্ত্রণালয়ের উদ্যোগে লিগ্যাল এইডের কল সেন্টার ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। এখানে যে কেউ বিনামূল্যে সেবা নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত