ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেওয়াগের চেয়ে পাকিস্তানি ওপেনার ইমরান নাজির প্রতিভায় অনেক এগিয়ে ছিলেন। এমন মন্তব্যই করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তবে শোয়েবের চোখে দুজনের পার্থক্য ছিল মানসিকতায়।
শেওয়াগ ও ইমরান দুজনই ছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান। তবে সাফল্যে শেওয়াগের ধারে কাছেও নেই ইমরান। ৮ টেস্টে ৪২৭, ৭৯ ওয়ানডেতে ১৮৯৫ ও ২৫ টি-টোয়েন্টি সংগ্রহ ৫০০। ইমরানের ক্যারিয়ার পরিসংখ্যান এই।
অন্যদিকে বীরেন্দ্রর শেওয়াগ ১০৪ টেস্টে করেছেন ৮৫৮৬ রান। ২৫১ ওয়ানডেতে করেছেন ৮২৭৩ রান। ১৯ টি-টোয়েন্টিতে করেছেন ৩৯৪ রান।
তবে পরিসংখ্যান নয়, শোয়েব প্রতিভার কথা বিবেচনা করে বলছেন, ‘আমার মনে হয় না ইমরান নাজির যতটা প্রতিভাবান ছিল, শেওয়াগ ততটা ছিল। তবে শেওয়াগের মতো মস্তিষ্ক ইমরান নাজিরের ছিল না। কিন্তু প্রতিভার দিক থেকে কোনো তুলনাই চলে না।’
তবে ইমরান যে প্রতিভার বিকাশ ঘটাতে পারেননি এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) দায় দেখেন শোয়েব। সরাসরিই বলেছেন, ‘দুর্ভাগ্যের হলো, আমরা প্রতিভাকে লালন করতে পারি না। আমরা শেওয়াগের চেয়েও ভালো ক্রিকেটার পেতে পারতাম নাজিরের মাধ্যমে।’
শোয়েব যোগ করেন, ‘ওর হাতে সব ধরনের শট ছিল। তার সঙ্গে ও ভালো ফিল্ডারও ছিল। আমরা ওকে দারুণ ভাবে ব্যবহার করতে পারতাম। কিন্তু তা করিনি।’
